
অনলাইন ডেস্ক আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করতে শতভাগ প্রস্তুত রয়েছেন বলে জানিয়েছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। তবে তাঁকে প্রার্থী করার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (১৯ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে পদত্যাগের বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন সদ্য মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করা ইশরাক হোসেন।
তিনি বলেন, মেয়র নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান সিদ্ধান্ত নেবেন। ২০১৭ সালে মেয়র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার অভিজ্ঞতাও রয়েছে তাঁর।
ইশরাক আরও বলেন, দল যদি অন্য কাউকে মেয়র পদে প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়, সে ক্ষেত্রেও দলের প্রার্থীকে বিজয়ী করতে শতভাগ প্রস্তুত রয়েছেন তিনি।
পদত্যাগের কারণ জানালেন ইশরাক
সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের কারণ ব্যাখ্যা করে ইশরাক হোসেন বলেন, তিনি প্রধানমন্ত্রীর কাছে গিয়ে জানিয়েছেন, মাদকবিরোধী অভিযান কেবল শুরু হয়েছে এবং এটি অব্যাহত থাকবে।
তিনি বলেন, তাঁর কর্মকাণ্ডের কারণে সরকারের কোনো উদ্যোগ যেন ম্লান না হয় এবং দল যেন বিব্রতকর পরিস্থিতিতে না পড়ে, সে বিবেচনা থেকেই তিনি পদত্যাগ করতে চেয়েছেন।
ডে-নাইট নিউজ | সত্য ও সুন্দরের খোঁজে